বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক ও সংবাদদাতা
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ২০:৪৩ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ২০:৫৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চোর সন্দেহে এক মোটরসাইকেল মেকানিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মো. ফোরকান মিয়া (৩৫) বাঞ্ছারামপুর পৌর এলাকার মাতুর বাড়ির মোড় এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন এবং স্থানীয় একটি গ্যারেজে কাজ করতেন।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মো. জাহিদুল ইসলাম রবিন (১৯) ও মো. খাইরুন ইসলাম ওরফে হৃদয় (২০) ফোরকান মিয়াকে চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাকে পৌর এলাকার আছাদনগর বাজারে শফিকুল ইসলাম মালিকানাধীন ‘ভাই ভাই’ নামের একটি ভাঙারি দোকানে নিয়ে যাওয়া হয়।
সেখানে ফোরকান মিয়ার হাত ও পা লোহার শিকল দিয়ে বেঁধে স্টিলের পাইপ, লোহার হাতুড়ি এবং অ্যালুমিনিয়ামের গামলা দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। মারধরের একপর্যায়ে অভিযুক্তদের একটি মোবাইল ফোন থেকে নিহতের স্ত্রী শারমিন আক্তারকে ফোন করে তার আর্তচিৎকার শোনানো হয়।
অমানবিক নির্যাতনের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ১০টার দিকে তাকে রিকশায় করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ফোরকান মিয়াকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তার বাঞ্ছারামপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছে।