ফকিরহাট (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৩ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ২০:০২ পিএম
মৎস্য খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে মৎস্য আড়তসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়ত পরিদর্শন ও আড়ত মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টার কাছে নিজেদের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন মৎস্য আড়ত মালিক ও মৎস্য চাষিরা।
দেশের মৎস্য খাত সম্পর্কে উপদেষ্টা বলেন, পদ্ধতিগত ঘাটতির কারণে বাংলাদেশ এখনও এ খাত থেকে পূর্ণাঙ্গ সুফল অর্জন করতে পারেনি। প্রাকৃতিক উৎস থেকে মাছের পোনা আহরণে আইনগত সীমাবদ্ধতা থাকায় পোনা উৎপাদন বাড়াতে দেশে হ্যাচারির সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মাছের রপ্তানি বৃদ্ধি করতে হলে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা জরুরি।
এ সময় আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, সুষ্ঠু ও নিরাপদভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। এ ছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে বলেও এক প্রশ্নের জবাবে জানান তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাসসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।