হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৬ পিএম
‘বড়দিন’ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা দুই দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ‘বড়দিন’ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা দুই দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
ভারতের সঙ্গে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হওয়ার পাশাপাশি বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম শনিবার বেলা পৌনে একটার পর থেকে পুনরায় স্বাভাবিক হয়। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বড়দিনের ছুটি শেষে শনিবার দুপুর থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে আনলোড করার পর তা দেশীয় ট্রাকে লোড করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম বরাবরের মতোই স্বাভাবিক ছিল।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, যেকোনো ধর্মীয় উৎসব বা জাতীয় দিবসে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্টের সেবা চালু থাকে। আজও দুই দেশের যাত্রীরা নিয়মিতভাবে যাতায়াত করছেন।