দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ২২:৫৫ পিএম
কমরেড মণি সিংহের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে অনুষ্ঠেয় কমরেড মণি সিংহ মেলার তারিখ পরিবর্তন করা হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পূর্বনির্ধারিত সময়সূচি পরিবর্তন করে আগামী বছরের ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত সাত দিনব্যাপী মেলার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে দুর্গাপুরে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের হলরুমে মেলা উদযাপন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, প্রতি বছর কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত মেলার আয়োজন করা হলেও এবার পরিস্থিতিগত কারণে সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
এদিকে আগামী ৩১ ডিসেম্বর কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।
সভায় সভাপতিত্ব করেন মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট চিকিৎসক ডা. দিবালোক সিংহ। সভা সঞ্চালনা করেন সাজসজ্জা ও প্রচার উপকমিটির আহ্বায়ক মোরশেদ আলম। এ সময় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক অজয় সাহা, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মুকুল, সমন্বয়ক আলকাছ উদ্দিন মীর, স্বেচ্ছাসেবক উপকমিটির সদস্য সচিব বিদ্যুৎ সরকার ও মাঠ ব্যবস্থাপনা উপকমিটির সদস্য সচিব শামছুল আলম খান, সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক নির্মলেন্দু সরকার বাবুল, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম স্বপন, প্রেস ক্লাবের সভাপতি ও সাংস্কৃতিক উপকমিটির সদস্য সচিব তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান কলি, মাঠ ব্যবস্থাপনা উপকমিটির সদস্য আল ইমরান সম্রাট গনি, মেলা উদযাপন কমিটির সদস্য আজিম উদ্দিনসহ অন্যরা।
উল্লেখ্য, ব্রিটিশবিরোধী আন্দোলন, টংক আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কমরেড মণি সিংহ ছিলেন মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ১৯০১ সালের ২৮ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর মারা যান।