ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ২২:৫১ পিএম
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় মুদি ব্যবসায়ী স্বপন কুমার বল ওরফে কালুর (৫৫) হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ৩টায় উপজেলার বলবাড়ি সংলগ্ন বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজন, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এতে বক্তৃতা করেনÑ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী বাহাদুর, প্রফেসর সলিল কুমার বল, স্বপন কুমার বেপারী, ছাত্রদল নেতা ইদ্রিস হাওলাদার, মহিউদ্দিন শামীম এবং নিহতের মেয়ে শম্পা রানীসহ অনেকে। এ সময় বক্তারা বলেন, স্বপন কুমার বলের হত্যাকারীর বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই ঘটনায় যদি আরও কেউ জড়িত থাকে, তাহলে তাদেরও দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর রবিবার রাত দেড়টার দিকে ভাণ্ডারিয়ার নদমূলা ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের নিজ মুদি দোকানে অবস্থান করছিলেন স্বপন কুমার বল। এ সময় চুরির উদ্দেশ্যে শুভজিৎ নামের এক কিশোর দোকানে প্রবেশ করে। বিষয়টি স্বপন টের পেলে অভিযুক্ত শুভজিৎ ইট দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর আহত করে এবং দোকান থেকে নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে সেমবার তাকে বরিশালের কেএমসি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার তিনি মারা যান।