× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোনা

আগাম বন্যায় বোরো ধান ডোবার শঙ্কা

হাফিজুর রহমান চয়ন, হাওরাঞ্চল

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ২০:০২ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫ ২০:৩২ পিএম

আগাম বন্যায় বোরো ধান ডোবার শঙ্কা

নির্ধারিত সময় পার হলেও পাউবোর অধীনে থাকা নেত্রকোনা জেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজ শুরুই হয়নি। এতে যথাসময়ে কাজ শেষ হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ফলে আগাম বন্যায় ফসলহানির আশঙ্কা করছেন কৃষকরা।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) নীতিমালা অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধের প্রকল্প স্থান নির্ধারণ, প্রাক্কলন তৈরি, জরিপ কাজ, গণশুনানি, পিআইসি গঠনসহ যাবতীয় কাজ শেষ করার পর ১৫ ডিসেম্বর থেকে বাঁধের কাজ শুরু করে তা ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা। কিন্তু নির্ধারিত সময় চলে গেলেও এ জেলার কোনো হাওরেরই ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করা তো দূরের কথা এখনও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করা হয়নি।

নেত্রকোনা পাউবোর সূত্রে জানা গেছে, জেলায় ছোট-বড় ১৩৪টি হাওর রয়েছে। এসব হাওরে কৃষকরা প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করেন। হাওরের একমাত্র বোরো ফসল রক্ষায় ১৪৯ কিলোমিটার অস্থায়ী বাঁধ নির্মাণ করার প্রয়োজন হয়।

গত বছর জেলায় ৭টি উপজেলায় ১৪৯ কিলোমিটার অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছিল। বাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য ১৯১টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করা হয়। এর বিপরীতে বরাদ্দ ছিল ২২ কোটি ৬৪ লাখ টাকা।

তবে এবার এখনও পর্যন্ত জরিপ কাজ পুরোপুরি শেষ করতে পারেনি পাউবো। ফলে চূড়ান্ত হয়নি কতগুলো পিআইসি গঠন করা হবে। এ কারণে এর বরাদ্দও জানাতে পারেনি সংশ্লিষ্ট দপ্তর। 

জেলার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ সংলগ্ন মান্দারুয়া গ্রামের কয়েকজন কৃষক সাবুল মিয়া, বুলবুল মিয়া, জহিরুল ইসলাম, কামরুল ইসলাম ক্ষোভ জানিয়ে বলেন, এবার আমরা ঋণ করে হাওরে বোরোর আবাদ করছি। এ বছর বাঁধের কাজ ঠিক সময়ে শুরু হয়নি। এতে আমরা চরম আতঙ্কে রয়েছি। তারা আরও বলেন, আগাম বন্যার পানিতে ফসল নষ্ট হলে সংসার চালাতে পারব না। সরকারের উচ্চ পর্যায় থেকে দৃষ্টি না দিলে আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়ব। 

খালিয়াজুরী উপজেলার পাতরা গ্রামের কৃষক সঞ্জু সরকার, লেপসিয়া গ্রামের কৃষক মঞ্জুরুল হক ও কৃষক নয়ন মিয়া বলেন, একটামাত্র বোরো ফসলের ওপরে আমাদের সারা বছরের খাওয়াদাওয়া, হাটবাজার ও ছেলেমেয়ের লেখাপড়া খরচসহ যাবতীয় খরচ নির্ভর করে। সঠিক সময়ে বাঁধ নির্মাণ না হলে আগাম বন্যায় ফসল ডুবে যাবে। 

এবার সময়মতো কাজ শুরু হয়নি। ফলে যথাসময়ে কাজ শেষ হবে কি না তা নিয়ে শঙ্কায় রয়েছি। আগাম বন্যা দেখা দিলে ফসল ঘরে তোলা নিয়ে আমরা চরম দুশ্চিন্তায় ভুগছি।

পাউবো ও জেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, প্রকল্প বাস্তবায়ন কমিটির কাজে সরাসরি জেলা ও উপজেলা প্রশাসনকে যুক্ত করা হয়। প্রকল্প বাস্তবায়নসহ তদারকিতে জেলা প্রশাসককে সভাপতি ও নেত্রকোনা পাউবোর নির্বাহী প্রকৌশলীকে সদস্য সচিব করে জেলা কমিটি গঠন করা হয়। এ ছাড়া উপজেলা পর্যায়ে ইউএনওকে সভাপতি ও পাউবোর একজন কর্মকর্তাকে সদস্য সচিব করে উপজেলা কমিটি গঠন করা হয়। মূলত উপজেলা কমিটি প্রকল্প নির্ধারণ ও পিআইসি গঠন করে জেলা কমিটিতে পাঠায়। পরে জেলা কমিটি চূড়ান্ত অনুমোদন দেয়। প্রতিটি প্রকল্পের জন্য প্রকৃত কৃষক ও স্থানীয় সুবিধাভোগীদের নিয়ে পাঁচ থেকে সাত সদস্যের একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করা হয়ে থাকে। 

প্রকল্পের সদস্য সচিব ও নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন বলেন, জরিপ কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহে পিআইসি গঠন করার পাশাপাশি কাজ শুরু করা সম্ভব হবে। 

তিনি বলেন, কাজ শুরু করতে দেরি হলেও নির্ধারিত সময়েই শেষ করতে পারব। এ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই।

এ বিষয়ে প্রকল্পের সভাপতি ও জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, চলতি সপ্তাহে পিআইসি কমিট গঠন সম্পন্ন হবে। আগামী সপ্তাহে কাজ শুরু করা হবে। স্থানীয় পর্যায়ে কিছু জটিলতা ছিল, পাশাপাশি হাওরের পানি নামতে দেরি হয়েছে। সব জটিলতা সমাধান করে পিআইসি গঠন শুরু হয়েছে। দেরিতে কাজ শুরু হলেও নির্ধারিত সময়েই কাজ শেষ করা সম্ভব হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা