জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:২৯ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৯ পিএম
দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকলে ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে মিলের কেইন ক্যারিয়ার প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৬৩তম এ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের মান নিয়ন্ত্রণ ও ব্যবসা সহায়তা বিভাগের অতিরিক্ত সচিব মাকসুরা নূর। এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমএ কামাল বিল্লাহ, জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উত্তম কুমার রায়, জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট থানার ওসি আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাকসুরা নূর বলেন, দেশের চিনি শিল্পকে পুনরুজ্জীবিত করতে চাষিদের ভূমিকা অপরিসীম। এজন্য স্থানীয় চাষিদের আখের ফলন বৃদ্ধিতে আরও বেশি জমিতে আখ চাষ করার আহ্বান জানান। এতে চাষিরাও লাভবান হবেন এবং রাষ্ট্রায়ত্ত এই শিল্পটিও স্বাবলম্বী হবে।