প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:১০ পিএম
গাজীপুর তিনটি ঝুট গুদাম ও কক্সবাজারে হাসপাতালে আগুনে শুক্রবার (২৬ ডিসেম্বর) ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
গাজীপুর : গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বাগানবাড়ি এলাকায় ইয়াসিন এন্টারপ্রাইজ নামে ৩টি ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে।
এর আগে শুক্রবার ভোরে ওই গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে ফয়ার সার্ভিসের ৫ ইউনিট ঘটনাস্থলে এসে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে কোনাবাড়ি থানার বাগানবাড়ি এলাকায় ছাপরা মসজিদ সংলগ্ন ইয়াসিন এন্টারপ্রাইজ নামের একটি গুদামে আগুন লাগে। পরে তা মূহূর্তে আগুন ছড়িয়ে পডলে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রথমে একটি গুদামে আগুন লাগলেও পরে ৩টিতে লেগে যায়।
কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি হাসপাতাল ও ৯টি ঘর। তবে কেউ হতাহত হয়নি। শুক্রবার সকাল ৭টায় উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের ব্লক-ডির সাব ব্লক-১-এর ওবাত স্বাস্থ্য পোস্ট হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে সংবাদ পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থল ছুটে যায়। আনুমানিক দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এর আগেই স্বাস্থ্য পোস্ট হাসপাতালটি আগুন পুড়ে যায় হয়েছে। হাসপাতালের সঙ্গে থাকা ৯টি কাঁচা ঘরও পুড়ে ছাই হয়। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।
জেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ হয়নি। তদন্তসাপেক্ষে ক্ষয়ক্ষতি এবং আগুনের লাগার প্রকৃত কারণ জানা যাবে।