ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৭ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:০৪ পিএম
চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটার অটোবিক্সস মেশিনে আটকে রায়হান উদ্দিন (২০) নামের এক শ্রমিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ফকিরাচাঁন এলাকার এমএ-৩ ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ভাটাখড়ি এলাকার মোহাম্মদ সোহাগের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার ফকিরাচাঁন এলাকায় রেজাউল করিমের মালিকানাধীন এমএ-৩ ব্রিক্স নামের একটি ইটভাটায় অটোকলের সহকারী হিসেবে কাজ করতেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ইটভাটার অটোবিক্সসে মাটি দেওয়ার সময় অসাবধানতায় রায়হানের একটি পা কলে আটকে যায়। মুহূর্তেই কলের ভেতর দুমড়ে-মুচড়ে ফেলে তার শরীর। লোকজন তাকে উদ্ধারে ব্যর্থ হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের লিডার আব্দুল কাইয়ুম বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে মেশিন থেকে রায়হানের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে। ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, লাশ উদ্ধার পরবর্তী মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।