সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৩২ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৩ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় শুরু হয়েছে ‘ভোটের গাড়ি’র প্রচারণা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা তথ্য অফিসের আয়োজনে ‘ভোটের গাড়ি’র প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিস আফরোজা আখতার।
তিনি বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে অসংখ্য শহীদ রক্ত দিয়েছেন। সেই শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। এই জাতি শহীদদের রক্তের শপথ নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করে সংলাপের মাধ্যমে ‘জুলাই সনদ’ নামে একটি সনদ প্রণয়ন করেছে। এই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে এই গণভোটের আয়োজন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জুয়েল আরেফিন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্ত।
জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম বলেন, ‘ভোটের গাড়ি’ প্রচারণার মাধ্যমে ভোটারদের ভোটাধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণ সম্পর্কে সচেতন করার পাশাপাশি গণভোট ও পোস্টাল ভোট সম্পর্কেও ধারণা দেওয়া হচ্ছে।
শীতের সকাল উপেক্ষা করে শিল্পী-কুশলীদের পরিবেশনা উপভোগ করতে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জনসাধারণের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।