চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১১:২১ এএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৪:০৬ পিএম
চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
সদরঘাট নৌ থানার ওসি সোহাগ রানা দুপুর ১২টার দিকে বলেন, লঞ্চে সংঘর্ষের ঘটনায় চারজনের মরদেহ পাওয়া গেছে। মরদেহগুলো সদরঘাট টার্মিনালে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে ওসি সোহাগ রানা দুই লঞ্চে সংঘর্ষের ঘটনায় সাতজন নিহত হওয়ার তথ্য জানিয়েছিলেন।
নিহতরা হলেন, আব্দুল গনি (৩৮), মো. সাঝু (৪৫), মো. হানিফ (৬০) ও মোসা. রিনা (৩৫)। তারা সবাই ভোলা জেলার বাসিন্দা।
আহতরা হলেন, মো. শাহাদত, মোহাম্মদ মিনা (৪৫) ও মোছা. রহিমা (৪৫)। তারাও ভোলা জেলার বাসিন্দা।
জানা যায়, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত ২টার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় নদীতে ঘন কুয়াশা ছিল। দিক নির্ণয় করতে না পেরে লঞ্চটি ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন, পরে লঞ্চের ভেতরেই আরও কয়েকজন নিহত হন।
পরে আরেকটি যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-৯ এর মাধ্যমে জাকির সম্রাট-৩ এর যাত্রীদের ঢাকায় পাঠানো হয়। তবে পথেই আরও এক যাত্রীর মৃত্যু হয়। তার নাম জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শিহাব সরকার জানান, দুটি উদ্ধারকারী দল ও একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়েছে।