গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ২১:৩৫ পিএম
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ তিন নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের পূর্বপাশে টেকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলোÑ কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দেওয়ালেরটেক গ্রামের মোবারক হোসেনের স্ত্রী সাদিয়া বেগম (২৪), একই এলাকার বাবু মিয়ার ১৩ বছরের মেয়ে অনাদি আক্তার এবং নরসিংদীর শিবপুর উপজেলার মরজাল এলাকার বাসিন্দা কমলা বেগম (৫৫)। অনাদি ও কমলা সম্পর্কে নানি-নাতনি এবং সাদিয়া বেগম ছিলেন তাদের প্রতিবেশী।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছেন। রেলওয়ে ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি বিকালে আড়িখোলা রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় ওই তিনজন হাঁটতে বের হলে অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অনাদি আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ চন্দ্র সরকার বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল সম্পন্ন করা হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়।