× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমুদ্রসৈকতে পর্যটকের স্রোত

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ২০:০৩ পিএম

সমুদ্রসৈকতে পর্যটকের স্রোত

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু করে কলাতলীর পয়েন্ট পর্যন্ত দূরত্ব ২ কিলোমিটারের কাছাকাছি। যেখানে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে দেখা মিলেছে ভ্রমণে আসা পর্যটক স্রোতের। যেখানে সমুদ্রের ভাঁজে স্রোতের খেলার মতো মানুষ মিলেমিশে একাকার। মানুষে-মানুষে ভরপুর সৈকতে ঠিক কত জন পর্যটক রয়েছে তার সংখ্যা বলা মুশকিল।

সৈকতের ব্যবসায়ী মোহাম্মদ তুহিন জানিয়েছেন, এই দৃশ্যটি শুধু বিকালের না। সকাল থেকে টানা জনস্রোতে মুখরিত রয়েছে কক্সবাজার সমুদ্রসৈকতের এ বিস্তীর্ণ এলাকা।

সৈকতের পাশাপাশি পর্যটন জোন হিসেবে পরিচিত কলাতলীর হোটেল-মোটেল এলাকার সড়কেও দেখা মেলে মানুষের ঢল। দেখা মিলেছে যানজটের তীব্রতাও।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, বড়দিনসহ টানা তিন দিনের ছুটিতে কম হলেও কক্সবাজারে এখন দুই লাখের অধিক পর্যটক ভ্রমণে এসেছেন, যা চলতি বছরের রেকর্ড পরিমাণ পর্যটকের আগমন।

সৈকতে কথা হয়েছে সিলেট থেকে বেড়াতে আসা হাসনাত শরীফের সঙ্গে। তিনি বলেন, ‘কক্সবাজার সব সময় আমার প্রিয় জায়গা, সুযোগ পেলেই চলে আসি। কখনও একা, কখনও বন্ধুদের সঙ্গে, আজকে এসেছি পরিবার নিয়ে। এখানে সমুদ্র, পাহাড় সব মিলেই মন ভালো করার পরিবেশ রয়েছে।’

চট্টগ্রাম থেকে আসা তাসনিন চৌধুরী জানান, কক্সবাজারে বারবারই আসতে ইচ্ছে হয়। শীতের এ আবহে দেশের অন্যান্য স্থান থেকে কক্সবাজার আলাদা। পরিবেশ এবং সৌন্দর্য মানুষকে বিমোহিত করে।

এদিকে বড়দিন উপলক্ষে শহরের অভিজাত হোটেলগুলোতে থাকছে রয়েছে নানা আয়োজন ও উৎসব। যার আমেজ তৈরি করতে যেগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শহরের পাঁচ শতাধিক হোটেল-মোটেলের সব কক্ষই বুকিং হয়ে আছে, এই মৌসুমে শত কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা দেখছেন পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, ‘২৭ তারিখ (শনিবার) পর্যন্ত সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি আছে এ ছাড়াও ৩১ তারিখ বছর শেষ হতে চলেছে। মাসের শেষ সময়ে প্রচুর পর্যটক আসছেন, সব মিলিয়ে পর্যটন ব্যবসায় শত কোটি টাকার বাণিজ্য ছাড়িয়ে যাবে যেহেতু সমাগম বেশি।’

পর্যটকদের সার্বিক নিরাপত্তা দেওয়ার পাশাপাশি হয়রানি প্রতিরোধে নিয়মিত মনিটরিং অব্যাহত রয়েছে জানিয়ে সংস্থাটির কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘আমাদের প্রথম এবং মুখ্য কাজ হচ্ছে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, সে লক্ষ্যে নিয়মিত তৎপরতা অব্যাহত রেখেছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটক হয়রানি দমনে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। 

কুয়াকাটায় লাখো পর্যটক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক জানান,  উৎসবে, আনন্দে বাড়তি মাত্রা যুক্ত করে কুয়াকাটা ভ্রমণ। তাই সরকারিসহ তিন দিনের ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটেছে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায়।

এর আগে বিপুলসংখ্যক পর্যটকের বরণে ধুয়েমুছে নতুন করে সাজানো হয় হোটেল-মোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। বুকিং হয়ে গেছে অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ। আগত পর্যটকদের নিরাপত্তায় সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

সৈকতের ছাতা-বেঞ্চি ব্যবসায়ী মো. ছগির বলেন, তিন দিনের ছুটিতে কুয়াকাটায় আজ প্রচুর পর্যটক এসেছে।

ঝিনুক দোকানি মো. ইয়াসিন বলেন, আজকে যেভাবে পর্যটক আসছে তাতে এই তিন দিনের ছুটিতে ৩ লক্ষাধিক পর্যটক আসবে বলে মনে করি।

ঢাকা থেকে আসা পর্যটক নীলিমা দম্পতি বলেন, ‘কুয়াকাটা এই প্রথম আসলাম, ভালোই লাগছে। তবে এখানকার পর্যটন স্পটগুলোর কানেকটিং সড়কগুলো আরও উন্নত হওয়া উচিত।’ 

মহিপুর থানার ওসি মো. মহব্বত বলেন, আমরা থানা পুলিশসহ কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছি এবং তাদের সেবায় নিয়োজিত আছি।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক বলেন, তিন দিনের ছুটিতে কুয়াকাটায় লক্ষাধিক পর্যটকের আগমন ঘটবে বলে মনে করি। তাই কুয়াকাটায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা