নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:২৪ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৩ পিএম
দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচিত নোয়াখালীর তিন সহোদরকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়। দেওটি বাজার স্পোর্টিং ক্লাব ও বানিপুর ভিক্টোরিয়া হেল্পিং ক্লাব যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করে।
সংবর্ধিত তিন ভাই হলেনÑ যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন একেএম গোলাম কিব্রীয়া, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা এবং জহিরুল ইসলাম। এর মধ্যে ক্যাপ্টেন একেএম গোলাম কিব্রীয়া আন্তর্জাতিক পরিসরে গ্লোবাল হিউম্যানিটি অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছেন।
জানা গেছে, তাদের প্রয়াত পিতা ডা. মোস্তফা ও মাতা হাজেরা বেগমের নামে প্রতিষ্ঠিত ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের মাধ্যমে দেশে ও বিদেশে শিক্ষা বিস্তার, অসহায় মানুষের চিকিৎসাসেবা, গৃহনির্মাণসহ নানা মানবিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় তাদের মানবকল্যাণমূলক কার্যক্রম ব্যাপক প্রশংসিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে তিন সহোদরের অবদান এখন স্থানীয় গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। তাদের এই অর্জন নতুন প্রজন্মকে মানবকল্যাণ ও সমাজসেবায় অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে সিআইপি ও গ্লোবাল হিউম্যানিটি অ্যাওয়ার্ডপ্রাপ্ত ক্যাপ্টেন একেএম গোলাম কিব্রীয়া বলেন, মানুষের ভালোবাসা ও মায়ের দোয়াতেই আমরা আজ এই সম্মাননা পেয়েছি। এই সম্মান আমরা আমাদের গ্রামের মানুষকে উৎসর্গ করছি। ভবিষ্যতেও মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই।