মেডিকেল প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ১২:২০ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৩:০৩ পিএম
চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্নে মৃত্যুবরণ করে স্মৃতি আক্তার। প্রতীকী ছবি
লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরের দরজায় বাইরে থেকে তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় গুরুতর আহত স্মৃতি আক্তার (১৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এর আগে গত ১৯ ডিসেম্বর ঘটনাস্থলেই বেলাল হোসেনের ছোট মেয়ে আয়েশা আক্তারের (৭) মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, লক্ষ্মীপুরের স্মৃতি আক্তার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) রাত সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরে ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় তার আরেক বোন বিথী আক্তারের শরীর ২ শতাংশ দগ্ধ ছিল, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুমন্ত অবস্থায় গত ১৯ ডিসেম্বর গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।