তারেক রহমানের প্রত্যাবর্তন
পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ২৩:০৬ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫ ২৩:১০ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দেশজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের পেকুয়া উপজেলা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা বাস, ট্রেন ও অন্যান্য যানবাহনে করে ঢাকার পথে যাত্রা শুরু করেন।
ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতেই তাদের এই যাত্রা বলে জানিয়েছেন দলীয় নেতারা।
পেকুয়া উপজেলা বিএনপির নেতারা জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচিকে সফল করতে পেকুয়া থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে ঢাকায় যাচ্ছেন।
নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন যাবত আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দল যে পর্যায়ে পৌঁছেছে, তারেক রহমানের দেশে ফেরা সেই আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। তাই এই কর্মসূচিতে অংশ নেওয়াকে তারা নিজেদের রাজনৈতিক দায়িত্ব মনে করছেন।
এদিকে ঢাকামুখী যাত্রাকে কেন্দ্র করে পেকুয়া এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা দলীয় স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে রওনা দেন।
পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম ফরহাদ হোছাইন বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তারেক রহমানের প্রত্যাবর্তন অনুষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এটা চকরিয়া পেকুয়াবাসীর জন্য গর্বের। কোটি কোটি বিএনপিপ্রেমীদের জনস্রোতে ইতিহাসের সাক্ষী হতে আমরা ১০ হাজারের অধিক নেতাকর্মী ঢাকায় যাচ্ছি।
পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট বলেন, জননেতা সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে আমরা চকরিয়া-পেকুয়া গত ১৮ বছর ধরে রাজপথে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে মিছিল করেছি। আগামীকাল আমাদের দীর্ঘপ্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পেকুয়ার ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাকর্মীরা উৎসাহ নিয়ে সমাবেশ স্থলে যোগদান করেছেন।