× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না দিয়ে বালু ভরাট

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ২১:৫৪ পিএম

জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না দিয়ে বালু ভরাট

‎ঢাকার কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের জন্য অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করেই বালু ভরাটের অভিযোগ উঠেছে। এ অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

‎ভুক্তভোগীদের দাবি, কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের জন্য সরকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পশ্চিমদী মৌজায় মোট ২০০ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত ১৮৮ দশমিক ৬০ একর এবং ২০২৩ সালে অবশিষ্ট ১১ দশমিক ৪০ একর জমি অধিগ্রহণ করা হয়। এই অধিগ্রহণ করা জমির একটি বড় অংশ পশ্চিমদী মৌজার ঘোষকান্দা গ্রামের বাসিন্দাদের।

‎এলাকাবাসীর অভিযোগ, জমি ও জমির ওপর থাকা স্থাপনার ক্ষতিপূরণ পরিশোধ না করেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জোরপূর্বক বালু ভরাট করছে। ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় চরম মানবেতর জীবনযাপন কাটাচ্ছে অর্ধশতাধিক পরিবার। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জের ঘোষকান্দা এলাকায় মানববন্ধনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা।

‎ঘোষকান্দা গ্রামের বাসিন্দা তারামিয়া বলেন, তার ১১ শতাংশ জমির ওপর ‘তারা মিয়া অ্যাগ্রো ফার্ম’ ছিল। ফার্মের ক্ষতিপূরণ ও জমির দাম না দিয়েই সেখানে বালু ভরাট করা হচ্ছে। কাজল অ্যাগ্রো ফার্ম ও জান্নাত মুরগি ফার্মের মালিক কালামিয়া জানান, তার ২২ শতাংশ জমির ওপর থাকা দুটি ফার্মই ছিল জীবিকার একমাত্র উৎস। ক্ষতিপূরণ না পেয়ে তিনি এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

‎জামির অ্যাগ্রো ফার্মের মালিক শাজাহান মিয়া বলেন, তার ১৪ শতাংশ জমির ওপর নির্মিত ফার্মে ৩০টি গরু ছিল। জমি অধিগ্রহণের পর আটটি গরু চুরি হয়েছে। অথচ এখনও স্থাপনার ক্ষতিপূরণ পাননি।

‎রওশান আলী বলেন, তার ২০ শতাংশ জমি এবং পাঁচতলা ভবনের ক্ষতিপূরণ এখনও পরিশোধ করা হয়নি। কেরামত আলী জানান, তার ছয় শতাংশ জমির ওপর সাততলা ভবন রয়েছে। তিনি বলেন, ভবনের ক্ষতিপূরণ না দিলে আমরা জমি অধিগ্রহণ করতে দেব না।

‎এ বিষয়ে কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেলের (ভূমি) সহকারী কমিশনার আফতাব আহমেদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামে ভূমি অধিগ্রহণ হয়েছে। এ তথ্য তার জানা আছে। তবে ক্ষতিপূরণ না পাওয়া কিংবা মানববন্ধনের বিষয়ে তিনি কিছু জানেন না।

‎অন্যদিকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ও এলএ (সাধারণ) শাখার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আব্দুল হালিম বলেন, কোনো জমির মালিক ক্ষতিপূরণের টাকা না পেয়ে থাকলে সেই টাকা সরকারের কোষাগারে জমা থাকে। যথাযথ কাগজপত্র দাখিল করলে যাচাই-বাছাই শেষে টাকা দেওয়া হবে। তিনি ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে সাধারণ জনগণ হয়রানির শিকার হচ্ছেন। এ অভিযোগ অস্বীকার করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা