রংপুর অফিস
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ২১:১১ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫ ২১:১৫ পিএম
রংপুর ক্যাডেট কলেজে ৪ দিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে ক্যাডেট কলেজ মাঠে রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. মতিউল ইসলাম মন্ডলের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিআইআরসি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আফতাব হোসেন। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, সেনা সদর এজি শাখা কর্তৃক পরিচালিত দেশের ক্যাডেট কলেজগুলোতে অভিন্ন পরিবেশে শিক্ষার্থী ক্যাডেটরা হয়ে উঠে চৌকস, নিষ্ঠাবান ও নিয়মানুবর্তী। দেশের সাধারণ শিক্ষাব্যবস্থার মাঝে থেকেও এখানে সামরিক প্রশিক্ষণ, খেলাধুলাসহ সহশিক্ষামূলক কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ফলে, ক্যাডেট কলেজ থেকে শিক্ষা অর্জন করে সাবেক ক্যাডেটরা সামরিক বাহিনীসহ দেশ ও বিদেশে বিভিন্ন পেশায় তাদের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর হাউস বিজয়ী, তিতুমীর হাউস উপ-বিজয়ী এবং তিতুমীর হাউস সার্বিকভাবে বিজয়ী ও ওমর ফারুক হাউস সার্বিকভাবে উপ-বিজয়ী হয়। এ সময় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর ক্যাডেট কলেজের অ্যাডজুটেন্ট মেজর মো. রিফাত
সিয়াম, মেডিকেল অফিসার ক্যাপ্টেন ফাহাদ মুনিম তুষারসহ সামরিক, বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তা,
অতিথি ও অভিভাবকরা।