চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ২০:৫১ পিএম
প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই, আইন, অর্থনীতি ও ইইই বিভাগের যৌথ উদ্যোগে গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের হাজারী লেইনস্থ ভবনসংলগ্ন প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ‘হিম উৎসব ও কাওয়ালী সন্ধ্যা ২.০’ অনুষ্ঠিত হয়েছে। শীতের আমেজে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা ও পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও প্রিমিয়ার ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।
ডা. শাহাদাত হোসেন বলেন, আমাদের ছয় ঋতুর মধ্যে গ্রীষ্মের পর আসে বর্ষা। কিন্তু বর্ষা ঋতু এখন এতটাই দীর্ঘ যে শরৎ ও হেমন্ত প্রায় উধাও হয়ে গেছে। এটি জলবায়ু পরিবর্তনের একটি সুস্পষ্ট নেতিবাচক প্রভাব। তিনি বলেন, পাহাড় কাটা, খাল–জলাশয়–ডোবা–দিঘি ভরাটসহ পরিবেশবিনাশী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সরব হতে হবে। এগুলো নিয়ে চিন্তা না করলে, সমাধান বের করতে না পারলে পরবর্তী প্রজন্মকে একটা বাসযোগ্য শহর উপহার দিতে পারবো না। চট্টগ্রামকে ‘ক্লিন–গ্রীন–হেলদি সিটি’তে রূপান্তরের লক্ষ্যে তিনি সবার পাশাপাশি প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক–শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন। বক্তব্যে তিনি সম্প্রতি শহীদ হওয়া জুলাই আন্দোলনের বিপ্লবী শরীফ ওসমান হাদিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির প্রিমিয়ার ইউনিভার্সিটির ধারাবাহিক উন্নয়নে মেয়র ডা. শাহাদাত হোসেনের অবদান তুলে ধরেন। তিনি জানান, অচিরেই মাননীয় মেয়র প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আরও কিছু উদ্যোগ বাস্তবায়ন করবেন, যার মধ্যে একটি হচ্ছে শিক্ষার্থীদের জন্য খেলার মাঠের ব্যবস্থা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ইইই বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক এবং আইন বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাস।
অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত মেলায় শীতকালীন ঐতিহ্যবাহী পিঠাপুলি নিয়ে ছিল নানা স্টল ও ফুডকর্নার। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় বিনোদনমূলক আয়োজন ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠানটিকে করে তোলে আরও প্রাণবন্ত ও উপভোগ্য। আইন বিভাগের শিক্ষার্থী ফজল আল মাহমুদ অয়ন ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী পুষ্পিতা বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরীসহ সংশ্লিষ্ট অনুষদ ও বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা।