মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৩১ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৩২ পিএম
পটুয়াখালীর মির্জাগঞ্জে কলেজছাত্র সিয়াম হত্যা মামলার প্রধান আসামি মো. রায়হানকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশের যৌথ বাহিনী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ঘটনার দিন মঙ্গলবার রাতেই ৩ জনের নাম উল্লেখসহ ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা মো. বাছেদ তালুকদার (জুয়েল)।
গ্রেপ্তার রায়হান (২২) মির্জাগঞ্জ উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের আ. ছালাম মিয়ার পুত্র। নিহত মো. সিয়াম (১৮) পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামের বাছেদ তালুকদারের (জুয়েল) ছেলে ও ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ রমিজ উদ্দীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
মির্জাগঞ্জ থানার ওসি মো. আ. সালাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারের বরাত দিয়ে মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নূরুল ইসলাম জানান, গত মঙ্গলবার মির্জাগঞ্জে খালার বাড়িতে বেড়াতে এসে দুপুরের পর দুই খালাতো ভাই সিয়াম ও আবদুল্লাহ আল মাহমুদ (১৭) ঘুরতে যান। বেলা ৩টার দিকে উপজেলার সুবিদখালী সরকারি কলেজের পেছনে একটি মাঠে বসে গল্প করাকালে ৩-৪ জন যুবক ভয় দেখিয়ে টাকা দাবি করে। এ সময় সিয়ামের সঙ্গে দুর্বৃত্তদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সিয়ামকে ও তার খালাতো ভাইকে মারধর করে। দুর্বৃত্তদের মারধরে সিয়াম অজ্ঞান হয়ে পড়লে তারা সিয়াম ও মাহমুদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রেখে পালিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবদুর রহমান শামীম জানান, বিকালে আহত দুই কিশোরকে জরুরি বিভাগের সামনে রেখে দ্রুত চলে যায় ৪-৫ জন অজ্ঞাতনামা। পরীক্ষাকালে দেখা যায় হাসপাতালে আনার পূর্বেই সিয়ামের মৃত্যু হয়েছে। আহত মাহমুদ আশঙ্কাজনক, তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ওসি মো. আ. সালাম জানান, মরদেহ পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার রায়হানকে আনার জন্য বরিশালে ফোর্স পাঠানো হয়েছে।