কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ২২:২৩ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫ ২২:৩৫ পিএম
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নাশকতা মামলায় তাপস হালদার (৩৫) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে দিকে উপজেলা শহরের পশ্চিমপাড়
এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাপস হালদার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক
সদস্য এবং উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কুমারকান্দি গ্রামের হরেকৃষ্ণ হালদারের ছেলে। বিষয়টি
নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহামুদ। ওসি জানান, ছাত্রলীগ
নেতা তাপস হালদারকে পয়সারহাট-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট
এলাকায় নাশকতা সৃষ্টির মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার
আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)
গোপালগঞ্জ আগমন ঠেকাতে পয়সারহাট-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের কোটালীপাড়া উপজেলার ওয়াবদার
হাট এলাকায় গাছ ফেলে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এতে জনমনে ভীতি সৃষ্টি ও যানবাহন চলাচলে বাধাগ্রস্ত হয়।এ ঘটনায় কোটালীপাড়া থানার তৎকালীন
উপ-পরিদর্শক (এসআই) এ উত্তম কুমার সেন বাদী হয়ে ১৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার ৫০০ জনকে
অজ্ঞাত আসামি দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, এ ঘটনায় তাপস হালদারকে অজ্ঞাত
আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া এই মামলায়
এখন পর্যন্ত ১১৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিডিও
ফুটেজ দেখে এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।