নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৭ পিএম
মঙ্গলবার দুপুরে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মাহমুদুল হাসানের কাছ থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। প্রবা ফটো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মাহমুদুল হাসানের কাছ থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক।তাছাড়া গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি মেহেদী হাসান, সহ সভাপতি ফরিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম, কেন্দ্রীয় নেতা দুলাল আল মাইজ বান্ডারি, সহ সভাপতি মুতালিব মাষ্টারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মাহমুদুল হাসান বলেন, এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপি থেকে চারজন, গণঅধিকার পরিষদ থেকে একজন এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে একজনসহ মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ জানিয়ে গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা শুরু হবে আগামী ২২ জানুয়ারি। প্রচারণা চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। সবশেষ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।