শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ২১:১৭ পিএম
গাজীপুরের শ্রীপুরে পৃথক অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান এবং ৯টি বসতঘর ভস্মীভূত হয়েছে। শ্রীপুর পৌরসভার চন্নপাড়া এবং মাওনা ইউনিয়নের জয়নতলী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী ও বসতবাড়ির মালিকদের প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের জয়নতলী (উত্তরপাড়া) গ্রামের আব্দুস সালামের দোকান ও বসতঘরে এবং গতকাল সোমবার ভোর ৫টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নপাড়া এলাকার ব্যবসায়ী সাহাব উদ্দিনের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চন্নপাড়া এলাকার মাওনা চৌরাস্তার কাঁচামাল ব্যবসায়ী সাহাব উদ্দিন জানান, ভোরে ভাড়া বাসার একটি কক্ষে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশে আরও ৭টি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওইসব ঘরে থাকা খাট, ওয়্যারড্রব, আলমারি, সুকেশ এবং ফ্রিজসহ মূল্যবান মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ৮টি পরিবারের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের প্রত্যেকেই স্থানীয় বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করেন। খবর পেয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলেন এবং তাদের শীত নিবারণের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। পরে আরও পর্যায়ক্রমে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারী এবং গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে গত রবিবার রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের জয়নতলী (উত্তরপাড়া) গ্রামের আব্দুস সালামের বসতঘর ও তিনটি দোকানে আগুন লাগে।
আব্দুস সালাম জানান, তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন পাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এ অগ্নিকাণ্ডে একটি অটোরিকশা, বসতঘরের আসবাবপত্র, মুদি দোকানের সব মালামাল এবং তুলার গোডাউন পুড়ে যায়। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নুরুল করিম বলেন, চন্নপাড়া এলাকায় সাহাব উদ্দিনের ৮টি বসতঘর এবং মাওনা ইউনিয়নের জয়নতলী (উত্তরপাড়া) গ্রামের আব্দুস সালামের বসতঘর ও তিনটি দোকান পুড়ে গেছে।
এসব অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।