দিপু দাস হত্যাকাণ্ড
ময়মনসিংহ অফিস
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৫ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫ ২০:২০ পিএম
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় গ্রেপ্তার ১২ আসামিকে তিন দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
রিমান্ডে পাঠানো আসামিরা হলেনÑ আশিকুর রহমান, কাইয়ুম, লিমন সরকার, তারেক হোসেন, মানিক মিয়া, এরশাদ আলী, নিজুম উদ্দিন, আলমগীর হোসেন, মিরাজ হোসেন আকন, আজমল হাসান সগীর, শাহিন মিয়া ও নাজমুল।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ৭ নম্বর আমলি আদালতের সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন গ্রেপ্তার হওয়া ১২ আসামির তিন দিন করে রিমান্ড আদেশ দেন। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক শেখ মোস্তাছিনুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ গ্রেপ্তার হওয়া ১২ আসামিকে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছিল। পরে বিচারক প্রত্যেককে তিন দিন করে রিমান্ড আদেশ দেন।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম বলেন, এই হত্যাকাণ্ডে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদেরকেও গ্রেপ্তারে অভিযান চলছে। এর পাশাপাশি প্রকৃত উদঘাটনেও কাজ চলছে। এদিকে নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে একই দিন ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে সচেতন সমাজের ব্যানারে মানববন্ধন পালিত হয়েছে। এ সময় বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিসহ প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকায় জামিরদিয়া এলাকার ‘পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড’ কারখানায় ধর্ম অবমাননার অভিযোগে দিপুকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে তার মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে রাত আড়াইটার দিকে অর্ধপোড়া মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে নিন্দা ও ক্ষোভের ঝড় বইতে থাকে। এ ঘটনার প্রতিবাদ হিসেবে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে আসছে।