বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৬ পিএম
সভায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। প্রবা ফটো
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটরিয়ামে উপজেলা বিএনপি আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম মুন্না।
সভায় স্বাগত বক্তব্যে তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে। এ প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে প্রস্তুত থাকতে হবে। তিনি দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে আন্দোলন ও কর্মসূচি সফল করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, আব্দুল করিম চেয়ারম্যান, শাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক শুকরি সেলিমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।