রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৮ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৭ পিএম
লক্ষ্মীপুরের রামগঞ্জে গাঁজা সেবনে বাধা দেওয়ায় বেল্লাল খান নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ রনি দীর্ঘদিন যাবত এলাকায় গাজার ব্যবসা করে আসছে এবং সে নিজেও সেবন করে। রবিবার রাতে লক্ষ্মীধরপাড়ায় পরিত্যক্ত একটি ঘরে রনি তার সহযোগীদের নিয়ে গাঁজা সেবন করার সময় বেল্লাল খান এতে বাধা দিলে রনি তাকে পিটিয়ে গুরুতর আহত করে। তার চিৎকারে লোকজন ছুটে এসে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।
এ ঘটনার পর অভিযুক্ত রনি অনুতপ্ত না হয়ে বরং এলাকায় বীরদর্পে বেড়াচ্ছে। সে নিজেকে নির্দোষ দাবি করে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে বলে জানা যায়। বেল্লাল খানের ছেলে সাইফুল ইসলাম সুমন বলেন, আমরা রোগীকে নিয়ে ব্যস্ত থাকায় মামলা করতে দেরি হচ্ছে। এ ব্যাপারে রামগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, এখনও থানায় কেউ অভিযোগ দায়ের করেনি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।