নিয়ামতপুর (নওগাঁ) প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৭ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৫ পিএম
নওগাঁর নিয়ামতপুরে গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাহাবুল ইসলাম (৫৫) নামের একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে সাহাবুলের স্ত্রী পারুল আক্তার (৪৮) ও ছেলে রাজশাহী মেডিকেলে ভর্তি রয়েছেন।
রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দখৈর এলাকায় এ ঘটনা ঘটে।
সাহাবুল ইসলাম ওই এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকার সালামের দুটি ছাগল সাহাবুলের লাগানো গমের চারা নষ্ট করে। সাহাবুল ছাগল দুটিকে খোঁয়াড়ে দিলে সালামসহ কয়েকজন সাহাবুলের বাড়িতে এসে হুমকি প্রদান করেন। বিষয়টি নিয়ে সাহাবুল থানায় একটি অভিযোগ দায়ের করেন। রবিবার থানা থেকে তদন্তকারী কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে উভয়পক্ষকে শান্ত থাকার এবং বিষয়টি থানায় বসে মীমাংসা করার কথা জানান।
পুলিশ চলে আসার ১ ঘণ্টা পর রবিবার সন্ধ্যায় মূল আসামি সালামসহ অন্যরা হাঁসুয়া, চাকু, রড ও বাঁশের লাঠি দিয়ে সাহাবুলের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাকে রক্ষা করতে স্ত্রী ও সন্তান এগিয়ে এলে তাদেরও গুরুতর আহত করে। ঘটনাস্থলেই সাহাবুলের মৃত্যু হয়। স্থানীয়রা তার স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তি করান।
ঘটনার পর পুলিশ রাতভর অভিযান পরিচালনা করে মূল আসামি সালাম ও তার ছেলে রিপনকে গ্রেপ্তার করে। থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।