নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৫ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরও তিনজন প্রার্থী।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সায়েদুল হক সাঈদ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী কমরেড মোঃ শাহিন খান ।
এ সময় নিজ নিজ দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে মনোনয়ন ফরম সংগ্রহ কার্যক্রমকে উৎসবমুখর করে তোলেন।
এর আগে রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট এম এ মান্নানের পক্ষে নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। তার আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ জানিয়ে গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা শুরু হবে আগামী ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। সবশেষ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।