খুলনা অফিস
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ১৩:০১ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৯ পিএম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে মোতালেব শিকদার। ফাইল ফটো
রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে মাথায় গুলি করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে খুলনা গাজী মেডিকেল কলেজের সামনে এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।
খুলনা জেলা এনসিপির নেতাদের সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে এসে মোতালেব শিকদারকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিটি মোতালেব শিকদারের মাথার বাঁ পাশে বিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে আনার সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা দ্রুত সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতুও। সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।’
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলের আশেপাশে নারী ও মাদককেন্দ্রিক বিভিন্ন অপরাধের প্রবণতা রয়েছে।’
এনসিপি খুলনা জেলার সাবেক সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি জানান, মোতালেব শিকদারকে আহত অবস্থায় প্রথমে খুলনা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে তার সিটি স্ক্যান করা সম্ভব হয়নি। পরে আরেকটি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে সিটি স্ক্যান করা হচ্ছে তার।
এর আগে, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ ডিসেম্বর ওসমান হাদির মৃত্যু হয়।
পরে তাকে দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়।