বগুড়া অফিস
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ২২:০৩ পিএম
বগুড়ার সারিয়াকান্দিতে গৃহবধূ চন্দনা রানীর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার বিকালে ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর এলাকার ঋষিপাড়া থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আসামি কাজল চন্দ্র (২৫) বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল এলাকার জুরেন চন্দ্রের ছেলে।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট বিএন ওয়াহিদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের এই কর্মকর্তা জানান, নিহত চন্দনা রানী প্রায় ছয় বছর আগে একই এলাকার নয়ন চন্দ্রের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর স্বামীর বাড়িতে বসবাসের সময় পারিবারিক জটিলতা তৈরি হয়। একপর্যায়ে স্বামী-স্ত্রীর বিচ্ছেদ ঘটে এবং চন্দনা বাবার বাড়িতে চলে যান। পরে কাজল চন্দ্র বিয়ের আশ্বাস দিয়ে চন্দনাকে বিভিন্ন সময় নিজের বাড়ি ও ঢাকায় নিয়ে যান। ঢাকায় প্রায় চার মাস তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করেন। গত ১৪ জুন চন্দনা কাজলের বাড়িতে গেলে সেখানে তাকে নির্যাতন করা হয়। একপর্যায়ে বিষাক্ত ট্যাবলেট খাইয়ে অচেতন অবস্থায় সিএনজি যোগে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরিবারের সদস্যরা চন্দনাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের কাকা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় হত্যা মামলা করেন।
কোম্পানি কমান্ডার লে. বিএন ওয়াহিদুজ্জামান বলেন, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।