রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ২০:১৩ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫ ২০:২৬ পিএম
সিরাজগঞ্জের রায়গঞ্জে নতুন উপজেলা ইউএনও আব্দুল খালেক পাটোয়ারী শনিবার (২০ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল, অসহায় ও দুস্থ মানুষকে শীতবস্ত্র দিয়েছেন।
রাতের আঁধারে ফুটপাত, রাস্তার পাশে ও বস্তি এলাকায় অবস্থান করা শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন ইউএনও আব্দুল খালেক পাটোয়ারী।
এ সময় তিনি বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রকৃত অসহায় মানুষ যেন কোনোভাবেই সহায়তা থেকে বঞ্চিত না হয় সেজন্য রাতের বেলায় এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় মানুষ। অনেকেই জানান, গভীর রাতে প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তাকে পাশে পেয়ে তারা নতুন করে সাহস ও ভরসা পেয়েছেন। স্থানীয় সচেতন মহলের মতে, ইউএনও আব্দুল খালেক পাটোয়ারীর এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়িয়েছে।