খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫ ২০:২৮ পিএম
পার্বত্য জেলা খাগড়াছড়িতে ইটের সংকটে সরকারি-বেসরকারি উন্নয়ন কার্যক্রম ও নির্মাণকাজ স্থবির হয়ে পড়েছে। জেলার অধিকাংশ ইটভাটা বন্ধ থাকায় উন্নয়ন প্রকল্পে বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছেন হাজারো শ্রমজীবী মানুষ। এই পরিপ্রেক্ষিতে ইটভাটা মালিক, শ্রমিক আমরণ অনশন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
রবিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শুরু হয় আমরণ অনশন কর্মসূচি। এ সময় খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক অবরোধ করায় প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রী, শিক্ষার্থী, পর্যটক ও পণ্যবাহী যানবাহনের চালকরা চরম দুর্ভোগে পড়েন।
অনশন কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা বলেন, খাগড়াছড়ি একটি বিশেষ ও উন্নয়নধর্মী পার্বত্য অঞ্চল। এখানে সড়ক, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ সরকারি-বেসরকারি নানা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। কিন্তু হঠাৎ করে ইটভাটা বন্ধ করে দেওয়ায় জেলায় তীব্র ইট সংকট দেখা দিয়েছে। ফলে সরকারি উন্নয়ন প্রকল্প, ঠিকাদারি কাজ এমনকি ব্যক্তিগত গৃহনির্মাণ কার্যক্রমও পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।
বক্তারা আরও বলেন, ইটভাটা বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। অন্যদিকে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ইটভাটা মালিক, ঠিকাদার, বালুমহালের ইজারাদার, ট্রাক্টর ও পরিবহন মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী। এর সরাসরি প্রভাব পড়ছে জেলার সামগ্রিক অর্থনীতিতে। আমরণ অনশন কর্মসূচিতে বক্তৃতা করেনÑ জেলা ব্রিকফিল মালিক সমিতির সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আহ্বায়ক মাহাবুব আলম সবুজ, সদস্য সচিব শাহেদুল হোসেন সুমন, মাটিরাঙ্গা ব্রিকফিল মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল কাজলসহ ইটভাটার মালিক ও শ্রমিকরা।