শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ১৯:১৮ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫ ১৯:২৮ পিএম
গাজীপুরের শ্রীপুরে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আমিন ফিড কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স (অনুমোদন) না নেওয়া পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (দেওচালা) গ্রামের
আমিন ফিড কারখানায় অভিযান পরিচালান করেন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয়রা অভিযোগ করেন,
কারখানার বর্জ্য ও কাঁচামালের দুর্গন্ধে এলাকার মানুষ অতিষ্ঠ। তাদের দাবি জনবহুল আবাসিক
এলাকায় পরিবেশ দূষণকারী কারখানা স্থায়ীভাবে বন্ধ হওয়া প্রয়োজন। প্রশাসনের এ ধরনের অভিযানকে
তারা সাধুবাদ জানিয়ে নিয়মিত তদারকি করার আহ্বান জানান।
শ্রীপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান জানান, কোনো ধরনের বৈধ কাগজপত্র
ছাড়া আমিন ফিড কারখানা দীর্ঘদিন যাবত অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করে আসছে। কারখানাটি
মাছের খাদ্য উৎপাদনে সরকারি নির্ধারিত মান ও স্বাস্থ্যবিধি অনুসরণ না করে বিভিন্ন খামারে
সরবরাহ করছিল। বিভিন্ন অনিয়মের কারণে ওই কারখানায় অভিযান পরিরচালনা করে কারখানা মালিককে
জরিমানা আদায় এবং কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখারা নির্দেশ দেওয়া হয়েছে। তিনি
আরও বলেন, অনুমোদনহীন কারখানায় মানহীন উপকরণ দিয়ে তৈরি মৎস্য খাদ্য মাছের স্বাস্থ্যের
জন্য যেমন ক্ষতিকর, তেমনি সেই মাছ মানুষ খেলে মানুষের শরীরেও দীর্ঘ মেয়াদি প্রভাব পড়তে
পারে।