নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৩ পিএম
এডভোকেট মান্নানের পক্ষে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। প্রবা ফটো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের কাছ থেকে মান্নানের পক্ষে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন টিটু, নাজমুল হক সেকিল, সহ সভাপতি ফুল মিয়া, আব্দুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জালাল, জেলা বিএনপির সদস্য মোঃ রহমত উল্লাহ, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম আমির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুসহ প্রত্যেক ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, নবীনগর পৌরসভার ৯ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীককে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ। তারা বলেন, একতা ও একাগ্রতার মাধ্যমে বিজয় নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ জানিয়ে গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা শুরু হবে আগামী ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। সবশেষ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।