কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ১৫:৩০ পিএম
নিহতের লাশ দেখতে ভিড় জসিয়েছে উৎসুক জনতা। প্রবা ফটো
কক্সবাজারের রামুর বাঁকখালী নদীর মোহনা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তার সঙ্গে সাথে থাকা মোবাইলের সিমের সূত্র ধরে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।
নিহত যুবকের নাম মিনহাজ উদ্দিন তুষার (৩৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বাসিন্দা ছৈয়দ নুরের পুত্র।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার বাঁকখালী নদীর মোহনায় মরদেহটি ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ভুঁইয়া।
মুনিরুল ইসলাম ভুঁইয়ার সঙ্গে কথা হলে তিনি জানান, সকালে স্থানীয় লোকজন নদী তীরবর্তী সবজি ক্ষেতে কাজ করতে গেলে মরদেহটি দেখতে পায়। এরপর তারা পুলিশকে অবহিত করে। উদ্ধারের সময় নিহতের পকেটে দুইটি মোবাইল পাওয়া যায়। বেলা ১১টার দিকে মোবাইলে থাকা সিমের তথ্য পর্যালোচনা করে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।
মৃত্যুর কারণ কী হতে পারে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ ও পিবিআইয়ের একটির টিম ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে, প্রাথমিক পরিচয় মিলেছে। কীভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে বলে জানান তিনি।