বগুড়া অফিস
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ১৩:৩০ পিএম
ছবি: রবিবার (২১ ডিসেম্বর) সকালে বগুড়ার সারিয়াকান্দি এলাকা থেকে তোলা । প্রবা ফটো
বগুড়ায় শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। রবিবার (২১ ডিসেম্বর) সকালে জেলায় সর্বনিম্ন ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
এর আগে, শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, সামনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
এদিকে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি চরমে উঠেছে। শীত থেকে বাঁচতে অনেককে গরম কাপড় গায়ে জড়িয়ে রাস্তায় খড়কুটো ও কাগজ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। সূর্যের দেখা না পাওয়া পর্যন্ত অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না।
রিকশাচালক ইদ্রিস আলী বলেন, ‘যত শীতই হোক, পরিবার চালাতে ঘর থেকে বের হতে হয়। রিকশা না চালালে খাব কী’?
সারিয়াকান্দির ইজিবাইক চালক মোস্তাকিম ইসলাম বলেন, ‘সকালে কুয়াশায় কিছুই দেখা যায় না। হেডলাইট জ্বালিয়েই গাড়ি চালাতে হচ্ছে।’
বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহিদুজ্জামান সরকার বলেন, “আজ সকালে জেলায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। আকাশে মেঘ রয়েছে এবং হিমেল হাওয়া বইছে। এই অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে।”