প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ২০:৫২ পিএম
দেশের বিভিন্ন জায়গায় শনিবার (২০ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
চট্টগ্রাম : জেলায় শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টায় লালদিঘী ময়দানে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন কল্পোলোক আবাসিক জামে মসজিদের খতিব ইমরানুল হক সায়েম।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাসহ বিপুলসংখ্যক মুসল্লি এ জানাজায় অংশ নেয়। জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা নিউমার্কেট মোড়ে গিয়ে অবস্থান নেয়। জানাজা আগে সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক সমন্বয়ক জুবায়েরুল ইসলাম মানিক, ইবনে ওমর যায়েদ ও চট্টগ্রাম জুলাই ঐক্যের আহ্বায়ক ইবনে হাসান জিয়াদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ইবনে ওমর যায়েদ বলেন, আজকের এই জানাজা থেকে বার্তা দিতে চাই হাদি ভাইয়ের লড়াই ছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে। সুতরাং, কোনো সাম্রাজ্যবাদী শক্তি যদি বাংলাদেশকে নেক্সট টার্গেট করতে চায়, তাহলে বাংলার জনতা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করবে, ইনশাআল্লাহ। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের উস্কানিতে পা দেওয়া যাবে না।
বগুড়া : জেলায় ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জানাজা আদায় করা হয়। পরে তার হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজার আগে সমাবেশে বক্তারা ওসমান হাদির হত্যাকাণ্ডকে একটি গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শাহপাড়া জামে মসজিদের খতিব আহসান হাবিব সাকিব জানাজা পরিচালনা করেন।
ইনকিলাব মঞ্চের বগুড়া জেলা শাখার আহ্বায়ক মুয়াজ বিন মোস্তাফিজের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই প্লাটফর্ম ভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা। জানাজায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল এবং ‘আপ বাংলাদেশ’-এর যুগ্ম আহ্বায়ক সিফাতুল্লাহসহ আরও অনেকে।
গায়েবানা জানাজা শেষে আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আন্দোলনকারীরা হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচির সমন্বয়ক মুয়াজ বিন মোস্তাফিজ বলেন, জুলাই বিপ্লবের কণ্ঠস্বরকে স্তব্ধ করতেই পরিকল্পিতভাবে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এই শোককে আমরা শক্তিতে রূপান্তর করব। বিচার না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা রাজপথ ছাড়বে না।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে আলতাফুন্নেছা খেলার মাঠ ও শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
গোপালগঞ্জ : জেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের শিক্ষার্থীরা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজার আদায় করেছেন। শনিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের এই গায়েবানা জানাজা পড়ান পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবু দারদা। জানাজায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
পরে সেখান থেকে ভারতের আগ্রাসনবিরোধী কফিন মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনের সামনে গিয়ে শেষ হয়। সেখান শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এর আগে সেখানে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত, শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবু দারদা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ভারতে আগ্রাসনবিরোধী বক্তব্য দেওয়ায় আমাদের আবরার ফাহাদকে ভারতীয় ‘র’-এর এজেন্ট ছাত্রলীগের কর্মীরা তাকে হত্যা করে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকেও ভারতীয় ‘র’-এর পৃষ্ঠপোষকতায় তাদের এজেন্ট ছাত্রলীগের কর্মীরা গুলি তাকে হত্যা করেছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে তাকে হত্যা করা হয়। যত হত্যা করা থোক না কেন আমরা তাদের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললো। আমরাও যুগে যুগে হাদি হতে চাই বলেও মন্তব্য করেন।
ফেনী : ওসমান হাদির গায়েবানা জানাজা ও দোয়া ফেনী ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের পুলিশ লাইন্স সংলগ্ন ইউনিভার্সিটি প্রাঙ্গণে জানাজায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন সিইসি ৩১তম ব্যাচের ছাত্র হাফেজ মোহাম্মদ নোমান।
এ সময় বক্তব্য রাখেন ইউনিভার্সিটির সিভিল ডিপার্টমেন্টের চেয়ারম্যান আলী আকবর সিয়াম, আইন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান মেশকাত ও নুর হোসেন। বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদ-বিরোধী আন্দোলনের প্রতীক। ওসমান হাদিকে হত্যার মধ্যে যারা ভেবেছে বিপ্লবীদের থামিয়ে দেওয়া হবে তারা ভুল ভাবছে। এ দেশে হাজারো বিপ্লবী তৈরি হয়েছে। হাজার হাজার ওসমান হাদি এ দেশে রয়েছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এ দেশের তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ। আমরা চাই হাদি ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হোক।
চবি : হাদির গায়েবানা জানাজা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। শনিবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে চাকসুর উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের।
চাকসুর জিএস সাঈদ বিন হাবিবের সঞ্চালনায় গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক, চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি প্রমুখ।
জানাজার আগে বক্তৃতায় অধ্যাপক মোজাম্মেল হক বলেন, আমরা ওসমান হাদির মতো কোনো সন্তানকে হারাতে চাই না। আমরা জীবনের বৃত্ত পূরণ করে ফেলেছি, আমাদের জীবনের বিনিময়ে হলেও আল্লাহ যেন এ সন্তানগুলো বাঁচিয়ে রাখে। ওসমান হাদি আমাদের দেখিয়ে দিয়ে গিয়েছে কিভাবে স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যয়-নীতির ওপর চলতে হয়, কীভাবে এই দেশের জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে হয়।
চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, আমাদের ভাই ওসমান হাদি মাত্র ৩২ বছর বয়সে দেশকে নাড়িয়ে দিয়েছে। এত কম বয়সে এই ইতিহাস কেউ করেনি। ওসমান হাদি যেমন প্রকৃত শত্রু চিনতে পেরেছিল, তেমনই তার শত্রুরা প্রকৃত দেশপ্রেমিক মানুষ চিনতে পেরেছিল। তিনি তার অল্প বয়সে এত প্রভাব বিস্তার করেছিল যে পুরো ভারতীয় আধিপত্যবাদ কেঁপে উঠেছে।
কাউনিয়া (রংপুর) : উপজেলায় ওসমান বিন হাদিরের স্মরণে শোক র্যালি ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
পরে সেখানে শহীদ ওসমান বিন হাদিরের আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা শহীদ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। তারা বলেন, অন্যায় ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ ওসমান বিন হাদিরের আত্মত্যাগ জনগণের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, তার আদর্শ অনুসরণ করেই ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নিতে হবে।
দিনাজপুর : জেলার জুলাই বিপ্লবী শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা শনিবার অনুষ্ঠিত হয়েছে। জেলার গোর-এ-শহীদ বড় ময়দানের কেন্দ্রীয় মসজিদ সামনে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাধারণ শিক্ষার্থী, জুলাই যোদ্ধা, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়। জানাজায় ইমামতি করেন গোড়-এ-শহীদ জামে মসজিদের ইমাম শাখাওয়াত।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : উপজেলায় হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাগরিবের নামাজ শেষে রহনপুর আহমদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ছাত্র-জনতার উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মান্দার পরাণপুর কামিল মাদ্রাসার আরবি প্রভাষক ইমাম আব্দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেনÑ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক হিজবুল্লাহ, যুগ্ম সদস্য সচিব মহিবুল্লাহ। রহনপুর পৌর জামায়াতের আমির মনিরুজ্জামান ডাবলু। জেলা পূর্ব ছাত্রশিবিরের সভাপতি সালাউদ্দিন সোহাগ। গোমস্তাপুর উপজেলা শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুত্তাকিন ইসলামসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা।