গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৯:১৩ পিএম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার উদয়নগর গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে আগুন লেগে দুটি বসত ঘরসহ ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ২টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে।
প্রথমে স্থানীয় বাসিন্দারা প্রথমে মসজিদে মাইকিং করে একত্রিত হয়ে আগুন নেভাতে ব্যর্থ হয়, পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
স্থানীয়রা জানান, উপজেলার রহনপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ড উদয়নগর মহল্লার বাসিন্দা শফিকুল ইসলামের বাড়িতে আগুন লাগে। এ সময় মসজিদের মাইকে মাইকিং করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তারা ব্যর্থ হলে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার রাকিব উদ্দিন বলেন, আগুনে দুটি ঘরের আসবাবপত্রসহ অন্য সকল জিনিসপত্র পুড়ে গেছে।