নীলফামারী প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৫ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ১৮:০২ পিএম
নীলফামারীতে আদালত থেকে জমির মালিকানা পেলেও জমি দখলের পায়তারা করছে প্রতিপক্ষ। নিজস্ব জমিতে লাগানো প্রায় চার’শ কলাগাছ ধ্বংস করার অভিযোগ উঠে ওই প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় নীলফামারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুরি সরকারপাড়া এলাকার শ্যামল চন্দ্র সরকার। তিনি দ্বীজেন্দ্র নাথ সরকারের ছেলে।
অভিযোগে উল্লেখ করা হয়, আদালত থেকে রায় পেয়ে নিজের জমিতে কলা গাছ লাগান শ্যামল চন্দ্র সরকার। তবে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে প্রতিপক্ষ দুলাল চন্দ্র শীলসহ দলবল নিয়ে প্রায় ৪’শ কলা গাছ ধ্বংস করেন। এগুলোর দাম প্রায় দুই লাখ ৫০হাজার টাকা।
খবর পেয়ে লিপি রানীর ভাই শ্যামল চন্দ্র সরকার কলাক্ষেতে গেলে প্রতিপক্ষ স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানীর উপস্থিতিতে এবং দুলাল চন্দ্র শীল, শান্ত শীল, সাগর শীল, নির্মল চন্দ্র সরকার, হিমাংশু চন্দ্র সরকার, সুধাংশু সরকারের নেতৃত্বে আরও কয়েকজন হত্যার হুমকী দেওয়া হয়।
শ্যামল চন্দ্র সরকার অভিযোগ করে বলেন, আদালত থেকে রায় পেয়ে আমরা ইউপি চেয়ারম্যান সঙ্গে পরামর্শ করে ওই জমিতে চাষাবাদ শুরু করি। কিন্তু প্রতিপক্ষরা আদালতের রায় উপেক্ষা করে তাদের জমি বলে বল প্রয়োগ করছে। যা বেআইনি।
শ্যামল বলেন, জমি নিয়ে আমরা চরম শঙ্কায় রয়েছি। প্রতিপক্ষরা যেকোন সময় আমাদের ওপর হামলা চালাতে পারে। মোবাইল ফোনে বিভিন্ন সময় আমাকে হত্যার হুমকী দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে আমি নীলফামারী থানায় জিডি করেছি।
অভিযুক্ত দুলাল চন্দ্র শীল বলেন, আমি আমার জমি দখল করেছি। আদালতে আমার কোন মামলা নেই। নীলফামারী থানার ওসি জিল্লুর রহমান জানান, দুই পক্ষ থানায় অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।