অভয়নগর (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৩ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ১৮:০৭ পিএম
যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা দাসপাড়ায় অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে স্থানীয় বাসিন্দা নির্মল দাসের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তা ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলে ৭-৮ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত নির্মল দাসের বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা পরিবারের দুই শিশুসহ বাড়ির অন্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
দুর্বৃত্তদের বাধা দিতে গেলে গৃহকর্তা নির্মল দাস (৬০) ও তার স্ত্রী সুষমা রানীকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। ভুক্তভোগী পরিবারের দাবি, দুর্বৃত্তরা ঘর থেকে প্রায় ৭-৮ ভরি স্বর্ণালংকার এবং ধান বিক্রির নগদ ৪০ হাজার টাকা লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
পরিবারের লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। আহত দম্পতি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় রোহিতা এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে।