শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৮ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ১৬:১৩ পিএম
প্রতীকী ছবি
শেরপুরের নকলায় নিখোঁজের চারদিন পর বাড়ির পাশের পুকুর থেকে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে নকলা পৌর শহরের কায়দা মধ্যপাড়া
(বেগুনপট্টি) এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সাত বছর বয়সি ওই শিশুর
নাম রেশমি ও মধ্যপাড়া (বেগুনপট্টি) গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৬ ডিসেম্বর খেলাধুলা করার
জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল রেশমি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না
পেয়ে ওইদিন সন্ধ্যায় নকলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা সাইফুল ইসলাম। এদিকে
শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে পুকুরে একটি মরদেহ ভেসে ওঠার খবরে পরিবারের লোকজন
সেখানে গিয়ে মরদেহটি রেশমির বলে শনাক্ত করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার
করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।