হাদির মৃত্যু
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ২১:৩৭ পিএম
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল, সমাবেশ, সাবেক মন্ত্রীর বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
বান্দরবান : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বান্দরবানে উত্তপ্ত পরিস্থিতি সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে আগুন দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার গভীর রাতে বিক্ষুব্ধ জনতা বান্দরবান জেলা শহরের সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এ ঘটনায় বীর বাহাদুরের পাঁচ তলা ভবনের অধিকাংশ পুড়ে যায় এবং বাসার নিচে পার্কিংয়ে রাখা ২টি প্রাইভেট কারসহ একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে এ ঘটনার পর থেকে জেলা শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় রাজার মাঠ এলাকাসহ জেলা শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে।
এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভার.) ফারুক আহমেদ বলেন, আগুনের খবরে আমরা ঘটনাস্থলে যাই এবং প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় দুটি প্রাইভেট কার, ১টি মোটরসাইকেলসহ ভবনের অধিকাংশ পুড়ে যায়, তবে কেউ হতাহত হয়নি।
বান্দরবান জেলা পুলিশ সুপার আবদুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের একজন সদস্য আহত হয়েছেন। এখন পরিস্থিতি শান্ত আছে।
গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্র জনতা। বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরের নাম পাল্টে শহীদ হাদি চত্বর নামফলক টাঙায় তারা। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু কর্নার ও জুলাই আন্দোলনবিরোধী ৫ শিক্ষকের অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে ক্যাম্পাস হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জয় বাংলা চত্বরের নাম পরিবর্তন করে শহীদ হাদি চত্বরের নামফলক টাঙিয়ে দেওয়া হয়।
অন্যদিক গোপালগঞ্জের মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বদলীয় জুলাই ঐক্য নামে একটি সংগঠন। তারা এ ঘটনায় সঙ্গে জড়িত, ইন্ধনদাতা, অর্থদাতাসহ সবাইকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
বরগুনা : হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরগুনায় উত্তাল হয়ে উঠেছে রাজপথ। গত বৃহস্পতিবার রাতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির মাধ্যমে পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটক অবরোধ করে। বিক্ষোভকারীরা জেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সব নেতাকর্মীকে অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের যাবতীয় রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম বন্ধের দাবি জানান।
বরগুনা থেকে ছাত্রলীগের অস্তিত্ব সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিসহ শুক্রবার জুমাবাদ জেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল এবং বিভিন্ন কর্মসূচির ডাক দেন আন্দোলনকারীরা। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে আবারও রাজপথে নামার ঘোষণা দেন তারা।
ঝিনাইদহ : ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের ইটভাটার ম্যানেজারকে মারধর করে বিক্ষুব্ধরা।
এ ব্যাপারে সদর থানার ওসি সামসুল আরেফিন বলেন, মারধরের শিকার ব্যক্তিকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।
জামালপুর : জামালপুরে রেলপথ অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে উত্তেজিত ছাত্র-জনতা। এতে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। এ ছাড়া সড়কের দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয়।
জামালপুর রেলওয়ে থানার (ওসি) মো. রবিউল ইসলাম জানান, বিকালে ছাত্র-জনতার বিক্ষোভে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি প্রায় ১ ঘণ্টা যাত্রাবিরতি ছিল। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক আছে।
মাদারীপুর : মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে সদর উপজেলার মোস্তফাপুরে জড়ো হন তারা। পরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে রাজধানী ঢাকার সঙ্গে বরিশাল বিভাগসহ মাদারীপুর জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ব্যানার ফ্যাস্টুন হাতে স্লোগান দেন বক্তারা। বিচার দাবি করেন তারা।
টাঙ্গাইল : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল শহরের নিরালা মোড় থেকে বের হয়। মিছিল শেষে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নেতারা বক্তব্য রাখেন।
ফেনী : ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র-জনতা। এতে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা-চট্টগ্রামমুখী উভয় লেনে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুরে মহাসড়কের ফেনী মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ দিকের অংশে অবস্থান নেন তারা।
ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। পরে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে যাওয়ায় যানচলাচল স্বাভাবিক রয়েছে।
সাতক্ষীরা : সাতক্ষীরায় সর্বদলীয় ছাত্রদের উদ্যোগে গায়েবানা জানাজা ও শহর শিবিরের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার খুলনার মোড় সংলগ্ন আসিফ চত্বরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন শহর শিবিরের সাবেক সভাপতি জিয়াউর রহমান। এরপর সেখান থেকে ছাত্রশিবিরের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেটে গিয়ে শেষ হয়।
নড়াইল : শুক্রবার দুপুরে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রূপগঞ্জ হাতিরবাগান এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় হাতিরবাগান মোড়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করা হয়।
দিনাজপুর : হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দিনাজপুর। শুক্রবার জুমার পর দিনাজপুর শহরের হাসপাতাল মোড়ে বিক্ষোভ করে জুলাই আন্দোলনের যোদ্ধা ও এনসিপির নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানায়।
জয়পুরহাট : জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। সর্বদলীয় ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে জামায়াতে ইসলামী, জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ছাত্রশিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অংশ নেন। জুমার পর পর শহরের বাটার মোড় এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা হাদি হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
পবিপ্রবি : ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
শুক্রবার শোকবার্তায় তিনি বলেন, সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে তার এই অকাল প্রয়াণ কোনো সাধারণ প্রাণহানি নয়; বরং এটি আওয়ামী ফ্যাসিবাদ ও পার্শ্ববর্তী দেশের আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকা এক সাহসী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা।
যশোর : ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাৎক্ষণিকভাবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গাজীপুর : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিাফ ওসমান হাদিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ করেছে এনসিপি, ইসলামী আন্দোলন, গণঅধিকার, ছাত্রজনতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার রাতে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গাজীপুরের বিভিন্ন এলাকায় ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। শুক্রবার সকাল ১০টা থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আন্দোলন শুরু করেন। বন্ধ করে দেন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এতে দেড় ঘণ্টার মতো বন্ধ থাকে ওই মহাসড়ক।
কুড়িগ্রাম : কুড়িগ্রামে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা। শুক্রবার বাদ জুমা উপজেলা মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে মিলিত হয়। সেখানে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক ব্লকেড করে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা।
ভোলা : ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরের ছাত্র-জনতার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহরের কালিনাথ রায়ের বাজার এলাকার হাটখোলা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে শহরের মহাজনপট্টি, সদর রোড, বাংলাস্কুল মোড় হয়ে নতুন বাজার এসে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
শেরপুর : জুলাই বিপ্লবী শহীদ শরিাফ ওসমান হাদির মৃত্যুতে শোক ও ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় প্রতিবাদ জানিয়ে শেরপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, জুলাই শহীদ পরিবার ও সাধারণ জনগণ। শুক্রবার বাদ জুমা শেরপুর পৌর শহরের শহীদ স্কয়ারে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মেহেরপুর : জুলাই ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মেহেরপুর মডেল মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী : বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। গত বৃহস্পতিবার মধ্যরাতে জেলা শহরের টাউন হল মোড় এলাকায় পতিত আওয়ামী লীগের দলীয় অফিসের সামনে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়।
একই সময় বিক্ষোভ মিছিল করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি মালেকে হলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
নোয়াখালীর সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের বাইতুল আমান জামে মসজিদে জুমার নামাজ শেষে হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া করাকে কেন্দ্র করে হট্টগোল ও মারধরের ঘটনা ঘটেছে। এতে শ্রমিক অধিকার পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুন নবী টিপু আহত হন। শুক্রবার জুমার পর মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বলেন, বিষয়টি শুনেছি।
নওগাঁ : নওগাঁয় কফিন নিয়ে মিছিল করেছে ছাত্র-জনতা। শুক্রবার জুমার নামাজ শেষে মুক্তির মোড় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি কফিন মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহরের কেডি স্কুলের মোড় এলাকায় পুলিশ সুপারের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসে তাদের আশ্বস্ত করলে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।
নরসিংদী : শোকাভিভূত শিক্ষার্থী, যুবক-তাওহিদী জনতাসহ নরসিংদীর সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পরপরই বিভিন্ন মসজিদ থেকে জড়ো হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড়ে মিলিত হয় ছাত্র-জনতা। এ সময় বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া নেতারা ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেয়। এ সময় তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করে। তারা মহাসড়কে ইট, কাঠ ফেলে এবং সড়কে টায়ারে আগুন ধরিয়ে দেয়। এতে সড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।
খাগড়াছড়ি : খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন সর্বস্তরের ছাত্র-জনতা। শুক্রবার দুপুরের পর ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে শহরের শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ার মোড় ঘুরে মুক্ত মঞ্চে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।
মৌলভীবাজার : মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্বর ব্লকেড করেছে সাধারণ ছাত্র-শ্রমিক-জনতা। শুক্রবার বিকালে সড়কের ওপর আগুন জ্বালিয়ে ব্লকেড করা হয়। এদিকে দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে জুমার নামাজের পর ছাত্র-জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর : ওসমান হাদির স্মরণে শেরপুর জেলা জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাগেরহাট : বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী জুলাই জনতা। শুক্রবার জুমার নামাজ শেষে পুরাতন কোর্ট জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আমাদের ভাই শহীদ হয়েছেন। খুনিরা পরিকল্পিতভাবে হাদি ভাইকে দীর্ঘদিন পর্যবেক্ষণ করে সুযোগ বুঝে খুব কাছ থেকে মাথায় গুলি চালিয়েছে।
এর আগে জুমার নামাজ শেষে সারা দেশের মতো বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে হাদির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শিবচর (মাদারীপুর) : শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার দুপুরে বাদজুমা বাহাদুরপুর পীরজাদা হানজালার নেতৃত্বে সর্বস্তরের মানুষের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবচর ৭১ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
কচুয়া (চাঁদপুর) : শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে উপজেলায় সড়কে অবরোধ ও থানার সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সকালে রামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের উপজেলায় বিশ্বরোড এলাকায় অবরোধ সৃষ্টি করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : হাদির হত্যাকাণ্ডে গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। সংগঠনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক যৌথ বিবৃতিতে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
কলাপাড়া (পটুয়াখালী) : আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। আমি কে? তুমি কে? হাদি হাদি, এই স্লোগানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কুয়াকাটা প্রেস ক্লাব চত্বরে কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্সের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ডেমরা-কালীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে উপজেলার এনসিপি নেতাকর্মীসহ স্থানীয় ছাত্র-জনতা। শুক্রবার সকালে উপজেলায় থানার সামনে সড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বেনাপোল (যশোর) : শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে উপজেলায় আন্তর্জাতিক চেকপোস্ট জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র-জনতা। এ সময় তারা হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও মানুষের নিরাপত্তা জোরদারের দাবিও জানান।
শুক্রবার সকাল ১১টায় পৌর শহরের বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
পোরশা (নওগাঁ) : ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার ও ভারতীয় সব আধিপত্যবাদ বন্ধের দাবিতে উপজেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। ছাত্র-জনতার ব্যানারে শুক্রবার জুমার নামাজের পর উপজেলার কপালীর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
বিরামপুর (দিনাজপুর) : শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে উপজেলায় ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পরে পৌর শহরের ঢাকা মোড়ে এ বিক্ষোভ সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন উপজেলার বিরামপুর প্রেস ক্লাবের আহ্বায়ক শাহ্ আলম মন্ডল, সাংবাদিক সামিউল ইসলাম, সাংবাদিক ফাহিম সরকার প্রমুখ।
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের নয়নপুরে (রাজেন্দ্রপুর সেনানিবাস) এলাকায় জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে বায়তুল হাসেম জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। পরে শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করা হয়।
ভাঙ্গা (ফরিদপুর) : শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। শুক্রবার দুপুর ২টায় উপজেলা ঈদগাহ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঈদগাহ মসজিদের সামনে এসে শেষ হয়।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) : শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্রসমাজ। শুক্রবার বাদজুমা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে মিছিলে বিক্ষুব্ধ জনতা অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেনÑ ছাত্রনেতা মোজাম্মেল হক, আবদুল্লাহ মো. মাসুম, মামুন মজুমদার, জাহিদ তালুকদার। মোনাজাত পরিচালনা করেন ছাত্রনেতা কামরুল হাসান। এ সময় বিপুলসংখ্যক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে ও হত্যাকারীর বিচারের দাবিতে উপজেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে শুক্রবার বাদজুমা উপজেলা মডেল মসজিদের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক হয়ে আখাউড়া রেলওয়ে স্টেশনের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ এনসিপি মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এমপি প্রার্থী প্রকৌশলী আমিন চৌধুরী প্রমুখ।
হরিপুর (ঠাকুরগাঁও) : শুক্রবার বাদজুমা হরিপুর থানার মোড়ে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজার নামাজ হয়েছে। জানাজায় ইমামতি করেন হরিপুর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মঈনুদ্দীন আল মাদানী।
জানাজা শেষে বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেনÑ প্রধান সমন্বয়কারী হরিপুর এনসিপি ও ঠাকুরগাঁও জেলার সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন বুলবুল, যুগ্ম সমন্বয়কারী এনসিপি হরিপুর ও যুগ্ম সদস্য সচিব ঠাকুরগাঁও সোহেল রানা প্রমুখ।
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) : জুলাই গণঅভ্যুত্থানের বিশিষ্ট নেতা শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে উপজেলায় বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার দুপুরে আশুগঞ্জ বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এসে সভা করে। উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ডালিমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেনÑ যুগ্ম মুখ্য সমন্বয়ক জয়ন্তী বিশ্বাস, সোহাইবুর রহমান, সুমন মৃধা ছাড়াও আশুগঞ্জ উপজেলার এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বুড়িচং (কুমিল্লা) : সাংবাদিক ও বিশ্লেষক ড. ইমরান আনসারী বলেছেন, একজন জীবিত হাদির চেয়ে একজন শহীদ হাদি কয়েকগুণ বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তিনি বলেন, কিছুদিন আগেও হাদি একাই আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলছিলেন। কিন্তু আজ তার মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশের মানুষ সেই আধিপত্যবাদের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে।
শুক্রবার বিকালে বুড়িচং প্রেস ক্লাবের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. ইমরান আনসারী বলেন, জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় পর্যায়ে সাংবাদিকরা অনেক বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন। তারা খুব সামান্য সম্মানী পান, অনেক ক্ষেত্রে পানই না; অথচ তারাই সবচেয়ে বেশি অবহেলার শিকার।
আদমদীঘি (বগুড়া) : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল মহিত তালুকদারের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ শেষে শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বক্তব্য দিয়েছেন জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আদমদীঘির সান্তাহার স্বাধীনতা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যে তিনি হামলাকারীদের অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিও করেন।
ফুলপুর (ময়মনসিংহ) : শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে উপজেলায় পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলায় বিভিন্ন এলাকা থেকে জুলাইযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিকালে পৌর বাসস্ট্যান্ড থেকে তাদের নেতাকর্মীদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিকাল পৌনে ৪টায় বাংলাদেশ খেলাফত মজলিসের ফুলপুর শাখার নেতৃত্বে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। দুটি মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে গোলচত্বর এসে শেষ হয়।
মোরেলগঞ্জ (বাগেরহাট) : শরিফ ওসমান হত্যার প্রতিবাদে উপজেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে নব্বইরশী মডেল মসজিদ থেকে জুলাই জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাপুড়িয়াপট্ট্রি চৌরাস্তা মোডে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করে বিক্ষুব্ধ জনতা।
এ সময় বক্তৃতা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শাহাদাৎ হোসাইন, পৌর আমির রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সালেহ, উপজেলা যুব জামায়াতের সভাপতি শফিউল আজম, ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগর মিডিয়া সম্পাদক সুলাইমান আবিদ, ছাত্রদলের সদর ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।