টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৯:০৪ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ১১:৩৭ এএম
টেকনাফে ইয়াবাসহ গ্রেপ্তারকৃত নারী। প্রবা ফটো
কক্সবাজারের টেকনাফে দুই কোটি চল্লিশ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) অলক বিশ্বাস।
পুলিশ জানায়, প্রবাসী করিম উল্লাহর বসতবাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী মোস্তফা খাতুন মুন্নির শয়নকক্ষ থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। আজ ভোর সাড়ে ৪টার দিকে যৌথ অভিযান চালায় টেকনাফ মডেল থানা পুলিশ ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মোস্তফা খাতুন মুন্নি (৩৩) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি চল্লিশ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।