সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ২০:৩৭ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫ ২০:৪৫ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, শিক্ষা খাতের উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সরকার অগ্রাধিকারভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সিরাজদিখানের কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন এবং বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের একাডেমিক ভবনের অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এসব প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মো. ফিরোজ কবির, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান-শ্রীনগর সার্কেল) মো. আনোয়ার পারভেজ, সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিবেশ আরও উন্নত হবে।
অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সংশ্লিষ্টদের দ্রুত ও মানসম্মতভাবে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন।