কুমিল্লা অফিস
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ২০:৩৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কুমিল্লা জেলায় নির্বাচনী কার্যক্রমে গতি এসেছে। কুমিল্লায় ১৭টি উপজেলার সংসদীয় আসন রয়েছে মোট ১১টি। তফসিল অনুযায়ী এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে কুমিল্লার ১১টি আসনের বিপরীতে মোট ৩৯টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১১টি আসনেই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি—১৭টি। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২টি, এনসিপি ১টি, বাংলাদেশ কংগ্রেস ১টি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ১টি, বাংলাদেশ খেলাফত মজলিস ১টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ১টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ১টি, গণফ্রন্ট ১টি এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
জানা যায়, কোনো কোনো প্রার্থীর পক্ষে সমর্থকরা একাধিক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আবার নিরাপত্তা ও কৌশলগত কারণে কিছু প্রার্থী একই আসনে একাধিক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলেও জানা গেছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের চূড়ান্ত তালিকা জানা যাবে।
আসনভিত্তিক মনোনয়নপত্র সংগ্রহের চিত্রে দেখা যায়—
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার ছেলে খন্দকার মারুফ হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন মনিরুজ্জামান বাহালুল ও অন্যান্য প্রার্থীসহ তিনজন।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিতাস উপজেলা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. মনোয়ার হোসেন।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশ কংগ্রেস থেকে মো. খোরশেদ আলম মনোনয়ন সংগ্রহসহ মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র নেন।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির তিন প্রার্থী—মঞ্জুরুল আহসান মুন্সী, এফ এম তারেক মুন্সী ও আবদুল আউয়াল খান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন সাইফুল ইসলাম শহিদ। বাংলাদেশ খেলাফত মজলিস থেকে একজন এবং অন্যান্য দল মিলিয়ে মোট ছয়জন মনোনয়নপত্র নিয়েছেন।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যার মধ্যে জামায়াত মনোনীত প্রার্থী মোবারক হোসাইন রয়েছেন।
কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী ও এনসিপি মনোনীত প্রার্থী নাভিদ নওরোজ শাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জামায়াতে ইসলামীর মাওলানা মোশাররফ হোসেনসহ বিএনপির প্রার্থীসহ তিনজন মনোনয়নপত্র নিয়েছেন।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির জাকারিয়া তাহের সুমন, জামায়াতে ইসলামীর শফিকুল আলম হেলাল ও স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিনসহ তিনজন মনোনয়ন সংগ্রহ করেন।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে সবচেয়ে বেশি, মোট ১০টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামীর সৈয়দ একেএম সারোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সেলিম মাহমুদ এবং বিএনপির পাঁচটি মনোনয়নপত্র রয়েছে। বিএনপির প্রার্থীদের মধ্যে আবুল কালাম (২টি), সামিরা আজিম দোলা ও ইয়াসির মো. ফয়সাল আশিক (২টি) রয়েছেন।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া ও স্বতন্ত্র পদপ্রার্থীর দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মো. কামরুল হুদা ও গণফ্রন্টের মো. আলমগীর মনোনয়নপত্র সংগ্রহ করেন।
কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, কুমিল্লা একটি বড় জেলা, এখানে ১৭ উপজেলায় ১১টি আসন রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে এবং তফসিল ঘোষণার পর থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
তিনি আরও জানান, একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সম্ভাব্য দুইজন প্রার্থী ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান চেয়ে আবেদন করেছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।