আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৮ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫ ২০:২৬ পিএম
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের এক সদস্যের ব্যক্তিগত কার্যালয় থেকে সুজন মন্ডল (৩৫) নামে এক মাইক্রোবাস চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কাশিড়া বাজার এলাকার ওই কার্যালয় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুজন মন্ডল কাশিড়া কুমিরপাড়া গ্রামের ওসমান মন্ডলের ছেলে।
নিহতের স্ত্রী মারুফা আকতার অভিযোগ করে বলেন, টাকা চুরির অভিযোগে ইউপি সদস্য সেলিম হোসেন ও তার সহযোগীরা তার স্বামীকে রাতভর আটকে রেখে নির্যাতন করে মেরে ফেলেছে।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘ইউপি সদস্য যে তার ব্যক্তিগত কার্যালয়ে একজনকে আটকে রেখেছে, সেটি আমাকে জানানো হয়নি। আইন অনুযায়ী কোনো ইউপি সদস্য কাউকে আটকে রাখতে পারেন না।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, ‘ইউপি সদস্য সেলিম হোসেনের ব্যক্তিগত কার্যালয় থেকে সুজন মন্ডলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথায় ব্যান্ডেজ ও শরীরের বিভিন্নস্থানে কালশিটে দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে মারধরের আলামত রয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’