নলছিটি (ঝালকাঠি) প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৯ পিএম
প্রতীকী ফটো
ঝালকাঠির নলছিটিতে ইটভর্তি ট্রলি গাড়ির চাপায় জান্নাত (৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার মগড় ইউনিয়নের কাঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাত কাঠিপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে এবং কাঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। সে চলতি বছর প্রথম শ্রেণির ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাত বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় ইটবোঝাই একটি ট্রলি গাড়ি পাশের একটি উঁচু কালভার্টে ওঠার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রলিটি পেছনের দিকে গড়িয়ে এসে জান্নাতকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জান্নাতকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ওসি (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।