বগুড়া অফিস
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:০৪ পিএম
শহীদ চান্দু স্টেডিয়ামে বিশেষ সম্মাননা দেওয়া হয় মুশফিকুর রহিমকে। প্রবা ফটো
ঘরের মাঠ, চেনা গ্যালারি আর শৈশবের স্মৃতিবিজড়িত শহীদ চান্দু স্টেডিয়ামে আবেগঘন পরিবেশে সংবর্ধিত হলেন বাংলাদেশের ক্রিকেটের ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। শততম টেস্ট ম্যাচ খেলার ঐতিহাসিক অর্জন উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বগুড়ার এই কৃতি সন্তানকে বিশেষ সম্মাননা জানান জেলার তরুণ ক্রিকেটাররা।
অনুষ্ঠানে মুশফিকুর রহিমের হাতে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা তুলে দেন বর্তমান জাতীয় দলের তারকা ক্রিকেটার ও বগুড়ার আরেক কৃতি সন্তান তৌহিদ হৃদয়। এ সময় জেলার বিভিন্ন বয়সভিত্তিক দলের উদীয়মান ক্রিকেটার, কোচ ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনার জবাবে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে মুশফিকুর রহিম বলেন, ‘আমার স্বপ্ন বগুড়ায় একটি মানসম্মত ক্রিকেট একাডেমি গড়ে তোলা। উত্তরবঙ্গে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে, কিন্তু সুযোগ-সুবিধার অভাবে তারা ঝরে পড়ে। আমি এমন একটি একাডেমি করতে চাই, যেখানে তরুণরা বারো মাস অনুশীলনের সুযোগ পাবে। এটি কোনো ধরাছোঁয়ার বাইরের স্টেডিয়াম হবে না, সবার জন্য উন্মুক্ত থাকবে।’
নিজের ফেলে আসা দিনের কথা স্মরণ করে তরুণদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমিও একসময় তোমাদের মতো ছোট ছিলাম। পরিবার আর আল্লাহর রহমতে আজ এই জায়গায় আসতে পেরেছি। সময়ের নিয়মে আমরা একদিন বিদায় নেব, কিন্তু হৃদয়-তামিমদের মতো নতুনরাই ভবিষ্যতে দেশের ক্রিকেটের হাল ধরবে।’
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তৌহিদ হৃদয় তার আবেগ প্রকাশ করে বলেন, 'মুশফিক ভাইয়ের খেলা দেখেই আমি বড় হয়েছি। তিনি আমার আদর্শ। ২০০৭-০৮ সালের সেই স্মৃতিগুলো আজও চোখে ভাসে। এমন একজন কিংবদন্তির পাশে দাঁড়িয়ে কথা বলতে পারাটা আমার জন্য সৌভাগ্যের।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল।