নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৬ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৪ পিএম
বৃহস্পতিবার দুপুরে তাপসের পক্ষে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মনোনয়নপত্রটি সংগ্রহ করেন। প্রবা ফটো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মাহমুদুল হাসানের কাছ থেকে তাপসের পক্ষে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মনোনয়নপত্রটি সংগ্রহ করেন। তবে এ আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান।
নাজমুল হোসেন তাপসের জন্য মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক। এছাড়া জেলা বিএনপির সদস্য হাজী আবু ছায়েদ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি একে এম হাবিবুর রহমান খায়ের, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফুরকানুল ইসলাম, সাবেক মেয়র মাইনু উদ্দিন মাইনু, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আসরাফ হোসেন রুবেল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মাহমুদুল হাসান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং এরই ধারাবাহিকতায় কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে মাইন উদ্দিন মাইনু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই কার্যক্রম আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং আগামী ৩ জানুয়ারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।
কাজী নাজমুল হোসেন তাপস বলেন, ২০১৮ সাল থেকে মামলা ও হামলার শিকার আমরাই হয়েছি, দলীয় রাজনীতি করতে গিয়ে দীর্ঘদিন ধরে যে নির্যাতন ও দমন-পীড়নের মুখে পড়েছি তা দল নিশ্চয়ই মূল্যায়ন করবে এবং আমি আশাবাদী দল মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনায় নেবে।
দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন কি না-এমন প্রশ্নের জবাবে প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়, দলের হাই কমান্ড যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তের আলোকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ জানিয়ে গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। সবশেষ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।