চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ০০:৫০ এএম
আদালত ভবন। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পুলিশ কনস্টেবল মোজাম্মেল হক (৫০) থানার ডাক ফাইল (জরুরি কাগজপত্র) নিয়ে আসেন চট্টগ্রাম আদালতে। কাজ শেষে আদালতের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ সেখানে ঢলে পড়লেন। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
মোজাম্মেল হকের সহকর্মী ডবলমুরিং থানার উপ পরিদর্শক কাওসার আহমেদ বলেন, থানার একটি ডাক ফাইল নিয়ে তিনি আদালতে যান। সেখানে যাওয়ার পর আদালতের বারান্দায় ঢলে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হতে পারে।
পুলিশ সদস্যের এই মৃত্যুর ঘটনায় আদালতপাড়ায় কর্মরত পুলিশ সদস্যের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিকেলে হাসপাতালেও পুলিশ সদস্যরা মোজাম্মেলকে দেখতে ছুটে যান।